বেলজিয়ামে ডানপন্থী রাজনীতিক ফিলিপ ডেউইন্টার সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক উসকানিমূলক পোস্ট দিয়ে দেশটির তুর্কি ও মুসলিম সম্প্রদায়কে লক্ষ্যবস্তুতে পরিণত করেছেন। তিনি সম্পূর্ণভাবে নিজস্ব তৈরি এমন কিছু ভুয়া ছবি প্রকাশ করেন, যেখানে নতুন ইউরো ব্যাংকনোটে তুর্কি ডোনার, নামাজরত মুসলিম ও পর্দানশীন নারীর ছবি স্থান পেয়েছে। এসব ছবির ইউরোর সঙ্গে কোনো আনুষ্ঠানিক বা আইনি সম্পর্ক নেই।
ডেউইন্টার তার পোস্টে ব্যঙ্গাত্মক ভাষায় লেখেন, 'নতুন ইউরো নোট এসেছে, যা বৈচিত্র্য, সহনশীলতা ও বহু-সংস্কৃতির প্রতীক!' বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণার মূল উদ্দেশ্য হচ্ছে শরণার্থী ও মুসলিম বিদ্বেষ ছড়ানো এবং সমাজে বিভাজন সৃষ্টি করা।
অতি ডানপন্থী এই নেতার আচরণে দেশটির শান্তি ও সামাজিক সম্প্রীতি বিঘ্নিত হতে পারে বলে মন্তব্য করেছেন অভিজ্ঞ মহল। তাদের মতে, ঘৃণা-উসকানিমূলক প্রচারণা ও ভুল তথ্য ছড়ানো রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নিতে হবে, যাতে সকল জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সম্মান ও সহাবস্থান নিশ্চিত হয়।
