বুলগেরিয়ার লেসোভো সীমান্ত চেকপোস্টে কাস্টমস এবং সীমান্ত পুলিশের যৌথ অভিযানে চোরাচালানকালে ১৬ হাজার ৩১০ ইউরো নগদ টাকা ও ২২৮ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে। গত ২৪ জুলাই, রোমানিয়া থেকে তুরস্কগামী একটি বিদেশি নিবন্ধিত যাত্রীবাহী বাসে এ ঘটনা ঘটে। বাসটি তুর্কি নাগরিক একজন চালক পরিচালনা করছিলেন। বাসের যাত্রী ও চালক—দু’পক্ষই কাস্টমসে কোনো ঘোষণা যোগ্য মালামাল নেই বলে জানিয়েছিলেন।

যাত্রীদের ও গাড়ির তল্লাশিকালে এক নারী যাত্রীর অন্তর্বাস ও হাতব্যাগে লুকানো অবস্থায় উল্লেখিত নগদ অর্থ ও স্বর্ণ উদ্ধার করা হয়। ওই নারী যাত্রী রোমানিয়ার নাগরিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিশেষজ্ঞদের মতে, উদ্ধারকৃত স্বর্ণের মধ্যে বিভিন্ন ক্যারাটের কয়েন ও ছোট আকৃতির বার রয়েছে; এর বাজারমূল্য প্রায় ২৫ হাজার ১১৫ ইউরো।

বুলগেরিয়ার কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, ঘোষণা না করা ইউরো ও স্বর্ণ বাজেয়াপ্ত করা হয়েছে এবং ওই নারী যাত্রীর বিরুদ্ধে দুটি পৃথক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আন্তর্জাতিক যাত্রী পরিবহনে চোরাচালান এবং অনিয়ম ঠেকাতে সীমান্ত এলাকায় এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বুলগেরিয়া প্রশাসন।