ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের স্যান ডিয়েগো ক্যাম্পাসের নেতৃত্বে পরিচালিত একটি নতুন গবেষণায় দেখা গেছে, সমুদ্র, হ্রদ, নদী ও উপকূলীয় পানিসহ পৃথিবীর বিভিন্ন জলাশয়ে অক্সিজেনের মাত্রা উদ্বেগজনক হারে কমে যাচ্ছে। বিজ্ঞানীরা সতর্ক করে জানিয়েছেন, বৈশ্বিক এই অক্সিজেন সংকট জলবায়ু উষ্ণায়ন, পরিবেশ দূষণ, জীববৈচিত্র্য হ্রাস এবং সমুদ্রের অম্লতা বৃদ্ধির মতো বড় ধরনের পরিবেশগত হুমকির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত।
গবেষণা দলের নেতৃত্বে থাকা স্ক্রিপস ইনস্টিটিউশন অফ ওশানোগ্রাফির বিশেষজ্ঞরা জানান, জলাশয়ে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা মানুষের জীবদ্দশায় পুনরুদ্ধার করা নাও যেতে পারে — এমন বড় ঝুঁকির কথা তারা অনুমান করছেন। এই গবেষণার ফলাফল পৃথিবীজুড়ে মানবিক কর্মকাণ্ড কীভাবে প্রধান নয়টি পরিবেশগত প্রক্রিয়াকে নিরাপদ সীমার বাইরে ঠেলে দিচ্ছে, সে বিষয়ে ‘Planetary Boundaries’ নামে স্বীকৃত বৈজ্ঞানিক কাঠামোর সঙ্গে সম্পর্কিত। এবার গবেষকরা জলাশয়ের দ্রবীভূত অক্সিজেনকেও এই পরিবেশগত সীমার অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন।
গবেষকরা আরও জানিয়েছেন, জলবায়ু উষ্ণায়ন, অতিরিক্ত পুষ্টি দূষণ এবং পানির চলাচলে পরিবর্তনসহ একাধিক কারণে জলাশয়ে অক্সিজেন হারানোর ঝুঁকি বাড়ছে। অক্সিজেনের মাত্রা কমতে থাকলে একদিকে যেমন পানির জৈব ও রাসায়নিক প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আসে, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হয় সামগ্রিক জলজ খাদ্য শৃঙ্খল। ফলে এক্ষেত্রে শত শত বছর স্থায়ী হতে পারে — এমন পরিবেশগত পরিবর্তনের আশঙ্কা তৈরি হয়েছে।
